প্রিন্ট এর তারিখ : ২৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
স্টাফ রিপোর্টার। ||
কক্সবাজারের চকরিয়ায় সাদিয়া জান্নাত (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে চকরিয়া সরকারি হাই স্কুলের পশ্চিম পাশে নিরিবিলি আবাসিক এলাকার একটি বাসার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত সাদিয়া জান্নাত মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুইত্যাখালী এলাকার মৃত নুরুল হোসেনের ছেলে মোহাম্মদ সোহেলের স্ত্রী।নিহতের শাশুড়ি সাজেদা বেগম ও মেয়ে সুমি আক্তার জানান, দুপুরে ছোট শিশুকন্যাকে খাওয়ানোর সময় সাদিয়া তাকে মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে মন খারাপ করে তিনি বাথরুমে প্রবেশ করেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাইরে না আসায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়।তখন পরিবারের সদস্যরা বাথরুমের ভেতরে সাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।অন্যদিকে নিহতের খালা তফুরা বেগমের দাবি, কয়েক দিন ধরে সাদিয়ার স্বামী সোহেল বিদেশ যাওয়ার জন্য শ্বশুরবাড়ির কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। ওই টাকা দিতে না পারায় শ্বশুরবাড়ির লোকজন সাদিয়াকে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তিনি।চকরিয়া থানার ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামী সোহেলকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সূত্র: যুগান্তর
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত