প্রিন্ট এর তারিখ : ২৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
ডেক্স রিপোর্ট। ||
গ্রিসের ক্রিট দ্বীপের কাছে দুটি নৌকা থেকে ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়াদের মধ্যে অন্তত দুই নারী ও দুই শিশু রয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকও রয়েছেন।মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছ থেকে তাদের উদ্ধার করা হয়।কোস্টগার্ডের এক প্রেস কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রে দুটি নৌকার অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে নৌকা দুটিতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়।এর আগে গ্রিসের এএনএ নিউজ এজেন্সি ৮৫ জন অভিবাসনপ্রত্যাশী উদ্ধারের খবর প্রকাশ করেছিল। পরে কোস্টগার্ড নিশ্চিত করে, উদ্ধার হওয়া ব্যক্তির সংখ্যা ৭৯ জন।সাম্প্রতিক সময়ে ক্রিট ও এর কাছের গাভদোস দ্বীপ গ্রিসে আশ্রয়প্রার্থীদের প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোস দ্বীপের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার।গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দেশটিতে অভিবাসী আগমনের সংখ্যা কমেছে। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত এক বছরে প্রায় ৬১ হাজার অভিবাসী গ্রিসে পৌঁছেছিলেন। পরবর্তী ১২ মাসে এই সংখ্যা কমে প্রায় ৪২ হাজারে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে অভিবাসী আগমন প্রায় ৩১ শতাংশ কমেছে।সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে অভিবাসন নীতি আরও কঠোর হয়েছে। অনিয়মিত অভিবাসন ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার মতো ট্রানজিট দেশগুলোর সঙ্গেও সহযোগিতা করছে।গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস অভিবাসীদের আগমন ঠেকাতে কঠোর নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। পাশাপাশি অভিবাসীদের আবেদন প্রক্রিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপনের বিষয়েও জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা করছে গ্রিস।
সূত্র: এএফপি
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত