প্রিন্ট এর তারিখ : ২৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
ইরান-ইসরাইল যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা
ডেক্স রিপোর্ট। ||
ইরান-ইসরাইল যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তীব্র হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে বিরোধ, দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলা এবং ইরানের পাল্টা হুঁশিয়ারির পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে।হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত কোনো বস্তু আঘাত করার পর সেটিতে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম কর্তৃপক্ষ। তবে হামলার উৎস এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে কমেছে। পণ্যবাহী জাহাজের চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, বুধবার প্রণালিটি দিয়ে মাত্র পাঁচটি জাহাজ চলাচল করেছে। আগের দিনের তুলনায় এই সংখ্যা ২৮ দশমিক ৬ শতাংশ কম। একই সময়ে লোহিত সাগর ও বাব আল-মান্দাবেও জাহাজ চলাচল হ্রাস পেয়েছে।হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। একটি অস্থায়ী নৌপথ চালু করা এবং প্রণালিতে থাকা মাইন অপসারণের বিষয়েও দুই দেশ আলোচনা করছে। তবে প্রণালিটি সম্পূর্ণভাবে চালুর শর্ত নিয়ে এখনো কোনো সমঝোতা হয়নি। এমন পরিস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি বৃহস্পতিবার তেহরান সফর করবেন। সেখানে তিনি উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেছেন, অর্থনৈতিক চাপ প্রয়োগ করে ওয়াশিংটন কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না। তাঁর দাবি, যুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সফল হতে পারেনি। অর্থনৈতিক চাপের বিরুদ্ধেও ইরান প্রতিরোধ অব্যাহত রাখবে বলে জানান তিনি।অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ এবং সামরিক অভিযান—দুই ক্ষেত্রেই কার্যকারিতা দেখা যাচ্ছে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ‘বড় জয়’ অর্জন করছে এবং ইরানের অর্থনীতি ভেঙে পড়ছে। তবে ট্রাম্পের এসব বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান।এদিকে বিদেশ থেকে পরিচালিত কয়েকটি ফারসি ভাষার সংবাদমাধ্যমকে ‘সামরিক লক্ষ্য’ হিসেবে বিবেচনার হুমকি দিয়েছে ইরান। দেশটির সামরিক মুখপাত্র বিবিসি ফারসি, ইরান ইন্টারন্যাশনাল ও রেডিও ফারদার নাম উল্লেখ করেছেন। ইরানের অভিযোগ, এসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত। তবে এসব সংবাদমাধ্যমকে লক্ষ্য করে কোথায় হামলা হতে পারে, সে বিষয়ে কোনো তথ্য দেননি সামরিক মুখপাত্র।দক্ষিণ লেবাননেও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের আলি আল-তাহের এলাকায় দুটি বিমান হামলা চালিয়েছে। পাশাপাশি বারাআশিত ও দাহওয়াত কাফর রেমান এলাকায় ইসরাইলি বাহিনী হামলা ও গোলাবর্ষণ করেছে।এদিকে উত্তর ইরাকের এরবিল প্রদেশের সোরান এলাকায় দুটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে। তবে হামলার লক্ষ্যবস্তু, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।যুদ্ধের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। আগস্টে এশিয়ার অপরিশোধিত তেল আমদানি যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় প্রায় ৪০ লাখ ব্যারেল বা ১৪ শতাংশ কমেছে। হরমুজ প্রণালির অস্থিরতার কারণে মধ্যপ্রাচ্য থেকে প্রকৃতপক্ষে কী পরিমাণ তেল বের হচ্ছে, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।তবে সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টাও চলছে। কাতার ও সৌদি আরব যুদ্ধের উত্তেজনা কমানো, নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখা এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে। ফলে হরমুজ প্রণালি নিয়ে ইরান-ওমানের আলোচনা এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যস্থতার বিষয়টি এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সূত্র: আমার দেশ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত