প্রিন্ট এর তারিখ : ২৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: প্রশ্ন হাসনাতের
স্টাফ রিপোর্টার। ||
ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে গত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছেন কি না, নাকি ব্যর্থ হয়েছেন—এমন প্রশ্ন করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে সম্পূরক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি এ প্রশ্ন রাখেন।হাসনাত আবদুল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা বন্ধ করে দেওয়া হয়েছে। একইভাবে নৌকাবাইচও বন্ধ রয়েছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াকে একটি সাংস্কৃতিক জেলা হিসেবে উল্লেখ করেছেন।তিনি আরও বলেন, ওই জেলায় গান-বাজনা ও সিনেমা বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় গত ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করতে পেরেছেন কি না এবং আইনের শাসন প্রতিষ্ঠায় যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন কি না—নাকি তিনি ব্যর্থ হয়েছেন, তা জানতে চান তিনি।জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছেন কি না, সেটি একটি প্রশ্ন। আর ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা হল কেন নেই, সেটি ভিন্ন একটি প্রশ্ন।হাসনাত আবদুল্লাহর বক্তব্যে উল্লেখ করা হত্যা ও আহতের পরিসংখ্যান নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কত হত্যা ও আহতের ঘটনা ঘটেছে—এ সংক্রান্ত যে তথ্য দেওয়া হয়েছে, তা কোন ভিত্তি বা পরিসংখ্যানের ওপর নির্ভর করে দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন।সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না, তা দৃশ্যমান। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে সংঘটিত বিভিন্ন অপরাধের ঘটনায় ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে বলে দাবি করেন তিনি।তিনি বলেন, কোনো নির্দিষ্ট ঘটনার কথা সংসদ সদস্যরা উল্লেখ করলে ৩০০ বিধিতে সে বিষয়ে বিবৃতি দেওয়া সম্ভব।সামাজিক চাহিদার ভিত্তিতে আলোচিত ও অনালোচিত বিভিন্ন অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে সরকার সহযোগিতা করেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে বিচার করার দায়িত্ব বিচার বিভাগের বলে উল্লেখ করেন তিনি।রামিসা থেকে রংপুরের সাম্প্রতিক চারটি হত্যাকাণ্ড পর্যন্ত বিভিন্ন ঘটনায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে বলে দাবি করেন সালাহউদ্দিন আহমদ।তিনি আরও বলেন, কোথায় কী ব্যর্থতা রয়েছে, তা নির্দিষ্ট করে বলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে কিংবা সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেনি—এ ধরনের বক্তব্য দেওয়া যায়। তবে সংসদে তথ্যভিত্তিক বক্তব্য দিতে হবে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো নির্দিষ্ট ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে কি না, সে বিষয়ে নোটিশ দেওয়া হলে সংসদে এ নিয়ে বিতর্ক করা যাবে।
সূত্র: ইনসাফ ২৪
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত