প্রিন্ট এর তারিখ : ২৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, জাকারিয়াসহ গ্রেপ্তার ৫
স্টাফ রিপোর্টার। ||
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় দলীয় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন—মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, অভ্যন্তরীণ বিরোধের জেরে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে একপর্যায়ে তা সংঘর্ষে গড়ায়।সংঘর্ষের খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।এ ঘটনায় কুলাউড়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন আহত এনসিপি নেতা তামিম আহমদ।মামলার বাদী ও মৌলভীবাজার জেলা এনসিপির সাবেক যুগ্ম সম্পাদক তামিম আহমদের অভিযোগ, এনসিপির পদ দেওয়ার বিষয়কে কেন্দ্র করে এহসান জাকারিয়াসহ মামলার আসামিরা তার কাছে চাঁদা দাবি করেন। মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার সময় কুলাউড়ার উত্তর বাজার এলাকায় তাদের ওপর হামলা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।জেলা এনসিপির আহ্বায়ক খালেদ আহমদ বলেন, তারা বিষয়টি জানতে পেরেছেন। ঘটনাটি দলীয়ভাবে তদন্ত করা হবে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশের সময়োপযোগী পদক্ষেপের কারণে বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার পাঁচজনকে শুক্রবার আদালতে পাঠানো হবে। সূত্র: বিডি ২৪ লাইভ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত