প্রিন্ট এর তারিখ : ২৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
গাছ কাটার সঙ্গে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের
স্টাফ রিপোর্টার। ||
রোপণ করা গাছের চারা উপড়ে ফেলা ও কেটে নষ্ট করার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।তিনি বলেন, জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন। এ কর্মসূচি বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।শুক্রবার বিকেলে নেত্রকোনার কলমাকান্দা সদর ইউনিয়নের বাবনী সেতু সংলগ্ন সড়কের পাশে শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডেপুটি স্পিকার।ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গত ১ আগস্ট কলমাকান্দা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কের দুই পাশে ১২ শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা লাগিয়েছিলেন। কিন্তু দুই দিন আগে রাতে দুর্বৃত্তরা ওই সড়কের বিভিন্ন জায়গায় লাগানো প্রায় অর্ধশত চারা উপড়ে ফেলে নষ্ট করে।ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যারা লাগানো গাছের চারা উপড়ে ফেলেছে কিংবা কেটে নষ্ট করেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।ডেপুটি স্পিকার আরও বলেন, বৃক্ষরোপণ কেবল একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। শুধু চারা লাগালেই দায়িত্ব শেষ হয় না; এর যথাযথ পরিচর্যা ও নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। তাই গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা চারাগুলো যাতে নষ্ট না হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। এ উদ্যোগে সরকারের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সমাজের সব স্তরের মানুষকে যুক্ত করতে হবে।শুক্রবারের কর্মসূচিতে বাবনী সেতু সংলগ্ন সড়কের পাশে শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন, কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক ও লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সূত্র: আমার দেশ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত