প্রিন্ট এর তারিখ : ২৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
ওসমান হাদি হত্যার বিচার না হলে বিচারব্যবস্থার প্রতি আস্থা হারাবে মানুষ: সারজিস আলম
স্টাফ রিপোর্টার। ||
শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আস্থা আর থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।শুক্রবার (২৮ আগস্ট) লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিক, মুসল্লি ও সাধারণ মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।সারজিস আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানির পরও যদি একজন মানুষকে এভাবে গুলি করে হত্যা করা হয়, তাহলে স্পষ্ট যে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম এখনো শেষ হয়নি।তিনি বলেন, রাজনৈতিক দল বা মত ভিন্ন হতে পারে, কিন্তু বিবেকের জায়গায় সবাইকে এক থাকতে হবে। সত্যকে সত্য, ন্যায়কে ন্যায় এবং ভালোকে ভালো বলার সাহস থাকতে হবে। একইভাবে মিথ্যা, অন্যায় ও জুলুমকে মিথ্যা, অন্যায় ও জুলুম হিসেবে চিহ্নিত করার সাহসও রাখতে হবে।ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন। শুধু পরিচিত কিংবা আলোচিত কোনো ঘটনার বিচার করলেই হবে না; একজন অটোচালক, কৃষক বা সাধারণ মানুষের সঙ্গে অন্যায় হলেও রাষ্ট্রকে তার বিচার নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন, তিনি যে পেশায় থাকুন, যে রাজনৈতিক দলেরই হোন কিংবা যে ধর্মের অনুসারীই হোন—তার সঙ্গে অন্যায় হলে রাষ্ট্রকে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে প্রত্যেকের জন্য ন্যায়বিচার নিশ্চিত থাকবে।ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গে সারজিস আলম বলেন, হাদি বাংলাদেশের সার্বভৌমত্ব, ইনসাফ, ন্যায় ও মর্যাদার কথা বলেছেন। তার হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার জন্য বিএনপি সরকারের প্রতি আহ্বান জানান তিনি।সারজিস আলম বলেন, খুনি, হত্যাকারী, তাদের সহযোগী এবং চক্রান্তকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এই হত্যার বিচার না হলে দেশের মানুষের বিচারব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হয়ে যাবে।দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ইনসাফভিত্তিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
সূত্র: ইনসাফ ২৪
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত