প্রিন্ট এর তারিখ : ২৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
খুলনায় গভীর রাতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
স্টাফ রিপোর্টার। ||
খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হননি।স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২টার কিছুক্ষণ পর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। ওই সময় কার্যালয়টি তালাবদ্ধ ছিল। কার্যালয়ের সামনেও কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না।বিস্ফোরণের খবর পেয়ে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। পরে বিএনপির স্থানীয় নেতারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, রাত ১২টার পর কে বা কারা ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। কার্যালয়টি তালাবদ্ধ থাকায় এবং সেখানে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত