প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
জুলাই সনদ চাইবেন, বাস্তবায়নে সহযোগিতা করবেন না—দুই অবস্থান বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার। ||
‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।তিনি বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে বিভিন্ন দাবি তোলা হলেও সনদ বাস্তবায়নের কাজে সহযোগিতা না করা পরস্পরবিরোধী অবস্থান। তার ভাষায়, ‘এখন আপনারা সবই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে চাইবেন, অথচ সনদ বাস্তবায়নের জন্য সহযোগিতায় আসবেন না। দুইটা বিপরীতমুখী হয়ে যায়।’রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধান সংশোধন কমিটি গঠন নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।এর আগে সংসদে সংসদীয় কমিটি পুনর্গঠনের বিষয়টি তুলে ধরেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, বিরোধী দলের উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সঙ্গে ফোনে কথা বলার পর তিনি আশা করেছিলেন যে বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে যুক্ত থাকবে। এ ধরনের বোঝাপড়ার কারণে রোববার কমিটি পুনর্গঠনের প্রক্রিয়াও স্থগিত রাখা হয়েছিল। পরে বিরোধী দলের উপনেতা জানান, তারা সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিতে চান না।এরপর ফ্লোর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, স্পিকার নির্বাচনের আগে একটি ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতাদের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছিল।স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এখন থেকেই জুলাই জাতীয় বাস্তবায়ন শুরু করি। চলুন, আপনি ডেপুটি স্পিকারের একজনের নাম দিন।’ তিনি বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার থাকার বিধান রয়েছে। সেই ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য তারা ততদিন অপেক্ষা করেননি। তবে সে সময় বিরোধী দল ডেপুটি স্পিকারের পদ গ্রহণে সম্মতি দেয়নি।তিনি বলেন, তখন তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হলে, অর্থাৎ সংবিধান সংশোধনের পর সনদ অনুযায়ী এগিয়ে যাওয়া হবে। তার আগে থেকেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের উদারতা ও আগ্রহের বিষয়টি সংবিধান সংশোধনের আগেই জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেজন্য আমরা সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি আন্ডার রুলস ২২৬ আমরা গঠন করেছি।’ তিনি জানান, কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচজন সদস্যের জায়গা রাখা হয়েছে।তিনি আরও বলেন, সংসদে প্রতিনিধিত্বকারী অন্যান্য রাজনৈতিক দল, স্বতন্ত্র সদস্যসহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিত্বও কমিটিতে রাখা হয়েছে। তবে বিরোধী দল নীতিগতভাবে এই কমিটিতে না আসার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, বিরোধী দলের এটি নীতিগত সিদ্ধান্ত হতে পারে। তবে সংবিধান সংশোধন না হলে জুলাই জাতীয় সনদও বাস্তবায়িত হবে না। তিনি বলেন, সনদ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট কমিটিও গঠিত হয়েছে।তিনি জানান, তার সভাপতিত্বে কমিটির একটি বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংবিধান বিশেষজ্ঞদের মতামত গ্রহণের পর কমিটি প্রতিবেদন তৈরি করবে।সালাহউদ্দিন আহমদ বলেন, কমিটিতে সংবিধান বিশেষজ্ঞ, সাবেক প্রধান বিচারপতি, বিচারপতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, সংবাদমাধ্যমের প্রতিনিধি ও সম্পাদকরা রয়েছেন। জুলাই জাতীয় সনদ প্রণয়নের সঙ্গে যারা কাজ করেছেন বা সম্পৃক্ত ছিলেন, তাদেরও কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হবে।এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানান তিনি।তিনি বলেন, সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতেই কমিটির প্রতিবেদন তৈরি করা হবে।পরবর্তী সময়ে আইন মন্ত্রণালয় ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সংবিধান সংশোধনের বিল সংসদে উত্থাপন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জুলাই জাতীয় সনদকে ভিত্তি হিসেবে রাখার পাশাপাশি সনদের বাইরেও সমাজের প্রত্যাশা, নির্বাচনী ইশতেহার, জনগণের প্রত্যাশা এবং যাদের সঙ্গে আলোচনা করা হবে তাদের পরামর্শ বিবেচনায় নিয়ে একটি সমৃদ্ধ সংবিধান সংশোধনী বিল আনা হবে।বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা কমিটিতে এলে তাদের সব বক্তব্য লিপিবদ্ধ করা হবে। তাদের প্রতিবেদন ও বক্তব্যও কমিটির প্রতিবেদনে অন্তর্ভুক্ত থাকবে এবং জাতি তাদের বক্তব্য জানতে পারবে।তিনি বলেন, বিরোধী দল কমিটিতে দ্বিমত ও ভিন্নমত প্রকাশ করতে পারবে এবং কিছু প্রস্তাবের সঙ্গে একমতও হতে পারে। সংবিধানে আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হবে উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দল কিংবা অন্যান্য পেশার মানুষ নতুন কোনো প্রস্তাব দিলে তা গ্রহণের সুযোগ রয়েছে। এ বিষয়ে তারা উন্মুক্ত মনোভাব নিয়ে কাজ করছেন বলেও জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণের বিষয়টিও জুলাই জাতীয় সনদের সঙ্গে সম্পর্কিত। তার মতে, সনদে সংসদীয় কমিটির সভাপতিত্ব বিরোধী দলকে দেওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছিল। তবে এটি কার্যকর করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে।বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, তাদের সব দাবি মেনে নেওয়ার পরও সংবিধান সংশোধন কমিটিতে না আসা সহযোগিতার মনোভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই তিনি আবারও বিরোধী দলকে কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানান।তিনি আরও বলেন, বিরোধী দল যখনই কমিটিতে অংশ নেবে, তাদের স্বাগত জানানো হবে। তাদের অংশগ্রহণের মাধ্যমে জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে। এর আগ পর্যন্ত বিদ্যমান বিধান অনুযায়ী কার্যক্রম চলবে।সবশেষে বিরোধী দলের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সব দাবি জানানো হলেও সনদ বাস্তবায়নের কাজে সহযোগিতা না করা পরস্পরবিরোধী অবস্থান।
সূত্র: ইনসাফ ২৪
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত