প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
ইউরোপের মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর
ডেক্স রিপোর্ট। ||
যুক্তরাজ্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। ম্যানচেস্টারের বোল্টনে ‘হাবিবুল কুরআন ইউকে’ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন কম্পিটিশন-২০২৬’-এ অংশ নিয়ে তিনি এ সাফল্য অর্জন করেন।বোল্টনের ঐতিহাসিক জাকারিয়া জামে মসজিদে ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত পাঁচ দিন ধরে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের ১১০ জন প্রতিযোগী এতে অংশ নেন। প্রতিযোগিতার ‘A2’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় স্থান অর্জন করেন হাফেজ সাদ। তার বিশুদ্ধ তেলাওয়াত ও সুমধুর কণ্ঠ বিচারকদের প্রশংসা অর্জন করে। প্রতিযোগিতা শেষে আয়োজকদের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়।হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর রাজধানীর মিরপুর-১–এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামী ঢাকার কিতাব বিভাগের শিক্ষার্থী। এর আগে একই প্রতিষ্ঠান থেকে হাফেজ সালেহ আহমদ তাকরীম, মুয়াজ মাহমুদ ও আনাস মাহফুজ সৌদি আরব, দুবাই, ইরান ও তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে পরিচিতি লাভ করেন। হাফেজ সাদের এই অর্জনের মধ্য দিয়ে সেই সাফল্যের ধারাবাহিকতা আরও এগিয়ে গেল।আন্তর্জাতিক পর্যায়ে হাফেজ সাদের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন মারকাযু ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, হাফেজ সাদ নুরের এই অর্জন শুধু আমাদের নয়, বরং গোটা বাংলাদেশের গৌরব। কুরআনের আলো ও আদর্শে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করাই আমাদের মূল লক্ষ্য।”বিদেশের মাটিতে বাংলাদেশের এই অর্জন দেশের তরুণ কুরআন শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা তৈরি করবে বলে মনে করছেন বিশিষ্ট আলেম ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সূত্র: ইউরোবাংলা
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত