প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
নওগাঁ জেলার আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠানে নজরুলের সাম্য, মানবতা ও বিদ্রোহী চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান।
মো:এমরান আলী, স্টাফ রিপোর্টার ||
নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও বিদ্রোহী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩১ আগস্ট) ২০২৬ ইং তারিখে উপজেলা প্রশাসনের আয়োজনে আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুধীজন অংশগ্রহণ করেন।‘বল বীর—বল উন্নত মম শির, শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির’—জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী বিদ্রোহী চেতনার এ অমর পঙ্ক্তিকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে কবির জীবন, সাহিত্য, সংগ্রাম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক দর্শন নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা, স্বাধীনতা ও অসাম্প্রদায়িকতার কবি। তাঁর সাহিত্যকর্মে অন্যায়, অত্যাচার, শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী বার্তা রয়েছে। নজরুলের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে অনুপ্রাণিত করে।প্রধান অতিথির বক্তব্যে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের সাম্য, মানবতা ও প্রগতির প্রতীক। তাঁর সাহিত্য ও দর্শন তরুণ প্রজন্মকে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সোচ্চার হতে শেখায়। শিক্ষার্থীদের মাঝে নজরুলের চেতনা ও আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।তিনি আরও বলেন, নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম শিক্ষার্থীদের সৎ, সাহসী, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা জোগাবে। তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাযহারুল ইসলাম।এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, মো. ফারুক বখত ও সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নজরুলের জীবন ও সাহিত্য থেকে শিক্ষা নিয়ে অন্যায়-অবিচারের বিরুদ্ধে ন্যায় ও সত্যের পক্ষে অবস্থান নিতে হবে। একই সঙ্গে সমাজে সাম্য, সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। শিক্ষার্থীদের উপস্থিতিতে উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাণবন্ত হয়ে ওঠে।আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি, গান ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। তাদের পরিবেশনায় অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ।আয়োজকরা জানান, ‘নজরুল বর্ষ’ উদযাপনের এ আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, জীবনাদর্শ ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে আরও গভীরভাবে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত