প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল
অনলাইন ডেস্ক ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল নেমেছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা জিয়া উদ্যানের আশপাশে জড়ো হতে থাকেন। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল ৯টা ১৫ মিনিটে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার সদস্য এবং বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।এর আগে সেখানে উপস্থিত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও হাবিব-উন-নবী খান সোহেলসহ দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও মুক্তিযোদ্ধা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক ব্যানারে মিছিল নিয়ে সেখানে আসেন এবং পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আগে থেকেই কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়।দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় দিনভর প্রাণচাঞ্চল্য দেখা যায়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত