প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
আরব দেশগুলোকে মার্কিন ঘাঁটি সরানোর আহ্বান ইরানের, না হলে পাল্টা হামলার হুঁশিয়ারি
ডেক্স রিপোর্ট। ||
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার মধ্যেই আরব দেশগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীর রাজনৈতিক উপপ্রধান জেনারেল ইয়াদোল্লাহ জাভানি বলেছেন, আরব দেশগুলোর ভূখণ্ডে থাকা মার্কিন সেনা ও সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়া উচিত। অন্যথায় এসব ঘাঁটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালানো হলে তার পাল্টা সামরিক জবাব দেওয়া হবে।আধা-সরকারি ইরানি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া বক্তব্যে জাভানি বলেন, আরব দেশগুলোর নিজেদের ভূখণ্ড থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করে সামরিক ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়াই হবে তাদের জন্য ভালো সিদ্ধান্ত।তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে হামলা পরিচালনার জন্য যে ঘাঁটি বা ভূখণ্ড ব্যবহার করা হবে, সেগুলো ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এ বিষয়ে তিনি বিশেষভাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানের নাম উল্লেখ করেন।জাভানির এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালানোর পর তেহরানও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। ইরান কুয়েত, বাহরাইন ও জর্ডানে হামলা চালানোর দাবি করেছে। বিপরীতে জর্ডান ও বাহরাইন কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে।এ পরিস্থিতিতে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও বিস্তৃত হয়ে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে কেন্দ্র করে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর রাজনৈতিক ও নিরাপত্তাজনিত চাপও বাড়ছে।
তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত