প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার অভিযোগ, নিহত ৫
ডেক্স রিপোর্ট। ||
দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান চলার সময় আবাসিক একটি বাড়িতে মার্কিন হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরান। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে ওই এলাকায় হামলাটি চালানো হয়। সিরিক কাউন্টির গভর্নর রেজা শহিদিয়ান রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে বলেন, আহতদের মধ্যে ৫০ জন নারী ও শিশু। আহত সবাইকে কাছের মিনাব শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।ইরানের আধা-সরকারি ফার্স সংবাদ সংস্থা হামলা থেকে বেঁচে যাওয়া এক শিশুর বক্তব্য প্রকাশ করেছে। শিশুটি জানায়, বিয়ের অনুষ্ঠানের স্থানে যাওয়ার আগেই তারা যুদ্ধবিমানের শব্দ শুনতে পায়। সেখানে পৌঁছানোর পর বিস্ফোরণে ইট, পাথর ও সিমেন্টের টুকরা ছিটকে পড়ে। এতে শিশুটিসহ আরও কয়েকজন আহত হয়।অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালানোর কথা জানিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বাণিজ্যিক জাহাজ এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলার চেষ্টার পর এসব অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক স্থাপনা, মাইন স্থাপনের সক্ষমতা এবং যোগাযোগব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাটিকে ইরানে এর আগে ঘটে যাওয়া হামলাগুলোর ধারাবাহিকতা থেকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। এ সময় তিনি মিনাব ও লামার্দে সংঘটিত আগের হামলার কথাও উল্লেখ করেন। তবে এসব অতিরিক্ত হতাহতের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে জর্ডান ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। কুয়েতও ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত