প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
কেরমানশাহে মার্কিন হামলায় আইআরজিসির চার সদস্য নিহত
ডেক্স রিপোর্ট। ||
ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) চার সামরিক সদস্য নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) আইআরজিসির বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, কেরমানশাহ প্রদেশে মার্কিন হামলায় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের চার সদস্য প্রাণ হারিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সও ওই বিবৃতিটি প্রকাশ করেছে।এর আগে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছিল, দেশটির দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।সিরিক কাউন্টির গভর্নর রেজা শহিদিয়ান জানান, বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনায় ৬৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫০ জন নারী ও শিশু রয়েছেন। তাদের মিনাব শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের অবস্থা স্থিতিশীল।এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের সামরিক স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সম্পদ, মাইন স্থাপনের সক্ষমতা এবং যোগাযোগকেন্দ্র লক্ষ্য করে তারা নতুন করে হামলা চালিয়েছে।মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের হামলার চেষ্টার জবাব হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত