প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
ডেনমার্কে নাশকতার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দাদের
ডেক্স রিপোর্ট। ||
ডেনমার্কের সামরিক প্রতিরক্ষা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে রুশ গোয়েন্দা সংস্থা সরাসরি নাশকতামূলক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা (পিইটি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।পিইটির কাউন্টারইন্টেলিজেন্স বিভাগের প্রধান এমিল গ্রেসহোম স্থানীয় ড্যানিশ সংবাদমাধ্যম ডিআর ও বার্লিংস্কেকে বলেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে রাশিয়া নির্দিষ্ট নাশকতার পরিকল্পনা করছে। এটি শুধু ভবিষ্যৎ কোনো আশঙ্কা নয়, বরং রাশিয়া এরই মধ্যে এ ধরনের হামলার বাস্তব পরিকল্পনা শুরু করেছে।ড্যানিশ গোয়েন্দা সংস্থার ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ ড্যানিশ নাগরিকদের প্রলুব্ধ করার চেষ্টা করছে রাশিয়া। ছবি তোলা কিংবা তথ্য সংগ্রহের কাজের মাধ্যমে পরে সেসব তথ্য নাশকতার পরিকল্পনায় ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।পরিস্থিতি মোকাবিলায় পিইটি ডেনমার্কের সামরিক গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কনফেডারেশন অব ড্যানিশ ইন্ডাস্ট্রির নিরাপত্তা প্রধান রাসমুস অ্যান্ডারস্কাউ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।ড্যানিশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক ফ্লেমিং স্প্লিডসবোয়েল এই হুমকিকে সম্পূর্ণ নতুন ও আরও উন্নত মাত্রার বলে উল্লেখ করেছেন। অন্যদিকে সাবেক সামরিক গোয়েন্দা বিশ্লেষক জ্যাকব কার্সবো বলেন, ড্যানিশ কর্তৃপক্ষের আগাম এই সতর্কবার্তা রাশিয়ার কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দেবে।
সূত্র: আনাদোলু এজেন্সি
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত