প্রিন্ট এর তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
ডা. শফিকুর রহমানের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার। ||
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। একই সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করা, দেশের জ্বালানি সংকট এবং রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যু নিয়েও মতবিনিময় হয়।সৌজন্য সাক্ষাতে দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতার পরিধি বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়।বৈঠকে জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন মালয়েশিয়ার হাইকমিশনার।এ সময় বাংলাদেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সম্ভাব্য ভূমিকা এবং রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়টি বিস্তারিতভাবে আলোচনায় আসে। পাশাপাশি উভয় দেশের পারস্পরিক স্বার্থ, উন্নয়ন ও অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তারা।সাক্ষাতে দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও অগ্রগতির ধারা সব ক্ষেত্রে অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।সাক্ষাৎকালে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সঙ্গে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ফায়েজ বিন মোহাম্মদ মোখতার ও হাজওয়ান বিন হাসনল উপস্থিত ছিলেন।এ ছাড়া বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলাভিউ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত