প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
উরুগুয়েতে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, দেশজুড়ে জরুরি অবস্থা
ডেক্স রিপোর্ট। ||
গৃহপালিত পাখির জন্য মারাত্মক ক্ষতিকর এইচ৫ বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হওয়ার পর উরুগুয়েতে দেশব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।পশুসম্পদ, কৃষি ও মৎস্য মন্ত্রণালয়ের অধীন গবাদিপশু সেবা সংক্রান্ত মহাপরিচালকের কার্যালয় জানিয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোলোনিয়া বিভাগে বার্ড ফ্লুর এ প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। প্রাথমিক র্যাপিড টেস্টে ভাইরাসের উপস্থিতি ধরা না পড়লেও পরে সরকারি ল্যাবরেটরি পরীক্ষায় এইচ৫ ভাইরাসের অস্তিত্ব নিশ্চিত হয়।সংক্রমণ ঠেকাতে আক্রান্ত খামারসহ অনিবন্ধিত ও গৃহপালিত পাখির চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে পাখি সংক্রান্ত মেলা, নিলাম ও জনসমক্ষে প্রদর্শনী সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মুক্তভাবে বিচরণকারী ও গৃহপালিত পাখিদের বুনো পাখির সংস্পর্শ থেকে দূরে রাখতে ঢাকনাযুক্ত বন্ধ স্থানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।আক্রান্ত খামারের পাখিগুলো মেরে ফেলার পাশাপাশি সংশ্লিষ্ট স্থান সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করার কার্যক্রম শুরু করেছেন স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি পোল্ট্রি খামারিদের জৈবনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, পোল্ট্রি মাংস ও ডিম খেলে মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হয় না। মানুষের মধ্যে এই ভাইরাস সংক্রমণের হার কম হলেও বুনো কিংবা অসুস্থ পাখি ধরতে নিষেধ করে সতর্ক করা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত