প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক মহলের অব্যাহত সমর্থন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার। ||
বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন সংঘাতের কারণে রোহিঙ্গা সংকট যেন আড়ালে পড়ে না যায়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।রোববার সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের আয়োজনে ‘রোহিঙ্গা সংকট নিয়ে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘসহ প্রভাবশালী দেশ ও মানবাধিকার সংস্থাগুলোকে রোহিঙ্গা সংকটের দিকে নিয়মিত নজর রাখতে হবে। বিশ্বের অন্যান্য সংঘাতের মধ্যে এই সংকট যেন গুরুত্ব হারিয়ে না ফেলে, সেদিকেও খেয়াল রাখা প্রয়োজন।তিনি বলেন, রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক সমস্যার মধ্যে সীমাবদ্ধ নেই। দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করায় দেশের ওপর যেমন বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে, তেমনি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি বাড়ছে।সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গা সংকটের নয় বছরের বেশি সময় হতে চলেছে। তাই শুধু সংকট ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। রাখাইনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর উদ্যোগ নিতে হবে।তিনি আরও বলেন, এ লক্ষ্য অর্জনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে কৌশল পুনর্নির্ধারণ বা ‘রি-ফ্রেমিং’ করা জরুরি।
সূত্র: আমার দেশ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত