প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দ্বিগুণ করার ঘোষণা ইরানের
ডেক্স রিপোর্ট। ||
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরও জোরদার হওয়ার প্রেক্ষাপটে কৌশলগত হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের কিছু অংশজুড়ে নতুন করে একটি ‘নিষিদ্ধ এলাকা’ তৈরির সিদ্ধান্ত নিয়েছে ইরান। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারে অতিরিক্ত জ্বালানি ব্যবহারকারীদের জন্য পেট্রোলের দাম দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে দেশটি।সোমবার (৭ সেপ্টেম্বর) টাইমস নাউ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান মহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, আগামী কয়েক দিনের মধ্যে মার্কিন নৌবাহিনীর অবরোধ রেখা থেকে শুরু করে পারস্য উপসাগরের নির্ধারিত কিছু এলাকা নিয়ে এই নিষিদ্ধ অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। ওই এলাকায় প্রবেশ করা যেকোনো জলযানকে ইরানের নিজস্ব নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।দেশটির অভ্যন্তরীণ অর্থনীতির ওপর চাপ মোকাবিলায় আগামী ৮ সেপ্টেম্বর সকাল থেকে তেলের তৃতীয় ধাপের মূল্য প্রতি লিটার ৫ হাজার তোমান থেকে বাড়িয়ে ১০ হাজার তোমান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাসিক কোটার আওতায় প্রথম ও দ্বিতীয় ধাপের পেট্রোলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন সরকারি মুখপাত্র ফাতেমে মহাজেরানি।গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরানি রিয়ালের মূল্য ধারাবাহিকভাবে কমছে। বর্তমানে খোলাবাজারে প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য বেড়ে ২ দশমিক ২ মিলিয়ন রিয়ালে দাঁড়িয়েছে।সম্প্রতি যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অর্থনৈতিক অবরোধ আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন। এর অংশ হিসেবে ওয়াশিংটন দেশটির তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে সামুদ্রিক অবরোধের পাশাপাশি কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর করছে।
সূত্র: টাইমস নাউ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত