প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইয়েমেনে সংঘাতে নিহত ৩০০ ছাড়াল
ডেক্স রিপোর্ট। ||
ইয়েমেনে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া নতুন করে সংঘাতে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এসব লড়াইয়ে দুই পক্ষের যোদ্ধাদের পাশাপাশি বহু বেসামরিক মানুষও প্রাণ হারিয়েছেন।সামরিক ও চিকিৎসা সূত্রের তথ্যের ভিত্তিতে এ হিসাব করেছে বার্তা সংস্থা এএফপি।পশ্চিমাঞ্চলের তাইজ ও দক্ষিণাঞ্চলের হোদেইদা এলাকায় মূলত সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার হুথি বাহিনী সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো লক্ষ্য করে বড় ধরনের অভিযান শুরু করে। এসব এলাকা লোহিত সাগরের উপকূলের কাছাকাছি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালিও এসব এলাকার কাছেই অবস্থিত।সরকারি কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, শনিবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত সরকারি বাহিনীর ৮৪ জন সেনা নিহত হয়েছেন। তাঁদের অধিকাংশই ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান।অন্যদিকে একই সময়ে ৫৭ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে হুথির সামরিক সূত্র।চলমান সংঘাতের কারণে বেসামরিক মানুষও নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, তাইজের মাকবানাহ ও জাবাল হাবাশি জেলায় তীব্র গোলাবর্ষণ ও সংঘর্ষের কারণে আনুমানিক ১ হাজার ৭৯০টি পরিবার ঘর ছেড়েছে।নতুন করে শুরু হওয়া এই লড়াইয়ের মধ্যে ইয়েমেনের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বিশেষ করে লোহিত সাগরের উপকূল এবং বাব আল-মান্দাব প্রণালির আশপাশে সংঘাত তীব্র হওয়ায় বেসামরিক মানুষের দুর্ভোগও বাড়ছে।
সূত্র: আমার দেশ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত