প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
ডেক্স রিপোর্ট। ||
সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ১৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ১২১ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৩ হাজার ৬৩৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৪০৮ জনকে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ১২ হাজার ৩৬৩ জনকে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।ভ্রমণ নথি সংগ্রহের উদ্দেশ্যে ১৮ হাজার ৯৩৭ জনকে তাঁদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি ভ্রমণসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য আরও ৩ হাজার ২৪০ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৩১৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপীয়, ৪১ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে অবৈধভাবে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টা করার সময় আরও ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।অভিবাসন আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা কর্মসংস্থানে সহযোগিতা করার অভিযোগে আরও ২১ জনকে আটক করা হয়েছে। বর্তমানে ২৯ হাজার ৭৭৩ জন প্রবাসী আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তা করা, পরিবহন কিংবা আশ্রয় দেওয়ার মতো অপরাধের শাস্তি সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। এর পাশাপাশি সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানাও করা হতে পারে। এসব কাজে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি জব্দ করারও বিধান রয়েছে।
সূত্র: গালফ নিউজ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত