প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
মোঃ তোফাজ্জল হোসেন , জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও) ||
দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই তার প্রথম সরকারি সফর। দুই দিনের এই সফরের দ্বিতীয় দিনে তিনি জেলার এই গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে রোববার দুপুরে দুই দিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি। শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণের পর তাকে রাষ্ট্রীয় প্রটোকল ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত এবং বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবগঠিত এই বিশ্ববিদ্যালয়টি চালুর মাধ্যমে ঠাকুরগাঁওসহ উত্তর অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও প্রসারিত হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয়রা।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত