প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাসা থেকেই অফিসের কাজ সামলাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী, শিগগির ফিরবেন কর্মস্থলে
ইনসাফ টাইমস নিউজ ডেক্স ||
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বর্তমানে বাসায় থেকেই মন্ত্রণালয়ের দাপ্তরিক কাজ পরিচালনা করছেন। গুরুত্বপূর্ণ ফাইল বাসায় এনে পর্যালোচনা করার পাশাপাশি অনলাইনে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিচ্ছেন তিনি।সোমবার (৭ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মন্ত্রীর শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন এবং অ্যান্টিবায়োটিক গ্রহণ করছেন।এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন বিদ্যুৎমন্ত্রী। চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার রাতে তিনি বাসায় ফেরেন।মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা জানান, চিকিৎসকরা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত মন্ত্রীকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এ কারণে তাঁর ব্যক্তিগত সহকারী গুরুত্বপূর্ণ ফাইলগুলো বাসায় নিয়ে যাচ্ছেন। মন্ত্রী সেগুলো পর্যালোচনা করছেন এবং প্রয়োজন অনুযায়ী অনলাইনেও দিকনির্দেশনা দিচ্ছেন।
তিনি আরও জানান, মন্ত্রী দ্রুত সুস্থ হয়ে শিগগিরই সশরীরে সচিবালয়ে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংসদের অধিবেশনেও উপস্থিত হতে পারবেন বলে আশা করা হচ্ছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত