প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁর মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ৬ লাখ টাকা ও ৭ ভরি সোনা লুটের অভিযোগ
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁর মহাদেবপুরে অলিফ দত্ত (নামটি স্বজনদের দেওয়া) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় তার কাছে থাকা নগদ ৬ লাখ টাকা ও প্রায় ৭ ভরি সোনা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহাদেবপুর উপজেলার দুলালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত অলিফ দত্ত মহাদেবপুর উপজেলার দুলালপাড়া এলাকার বাসিন্দা। স্বজনরা জানান, রাতে মহাদেবপুরের কাসা পট্টি এলাকার তার সোনার দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অলিফ। এ সময় দুর্বৃত্তরা পেছন থেকে তাকে অনুসরণ করতে থাকে।বাড়ির কাছাকাছি পৌঁছালে একটি চিপা গলির ভেতরে আগে থেকেই ওঁত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে অলিফকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তার কাছে থাকা নগদ টাকা ও সোনা নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে অভিযোগ স্বজনদের।অলিফের চিৎকার শুনে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের ছোট ভাই প্রশান্ত দত্ত অভিযোগ করে বলেন, হামলাকারীরা তার ভাইয়ের কাছ থেকে নগদ প্রায় ৬ লাখ টাকা ও ৭ ভরি সোনা ছিনিয়ে নিয়ে গেছে।ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত