প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাঁধনের ওপর হামলা: ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি সহকারী প্রেস সচিবের
স্টাফ রিপোর্টার। ||
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তার সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। তিনি জানান, বাঁধন বর্তমানে নিরাপদে আছেন। একই সঙ্গে বাংলাদেশের পক্ষের শক্তির ওপর কোথাও হামলা হলে সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুযায়ী এর ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান কে এম নাজমুল হক।স্ট্যাটাসে তিনি জানান, আজমেরী হক বাঁধনের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি নিরাপদে রয়েছেন। এ ছাড়া মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গেও তার কথা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে কনস্যুলেট কর্মকর্তাদের সঙ্গে বাঁধনের যোগাযোগও করিয়ে দেওয়া হয়েছে বলে জানান নাজমুল হক।তিনি আরও বলেন, ভেনিসে থাকা বিএনপির নেতাকর্মীরা হামলাকারীদের শনাক্ত করা এবং তাদের খুঁজে বের করার কাজে ইতালিয়ান পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করবেন। বাংলাদেশ কনস্যুলেটের সহায়তায় বুধবার এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।কে এম নাজমুল হক তার স্ট্যাটাসে বলেন, বাংলাদেশের পক্ষের কোনো শক্তির ওপর যেখানেই হামলার ঘটনা ঘটুক না কেন, ওই এলাকার প্রচলিত আইন অনুযায়ী তার ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে।স্ট্যাটাসের শেষ দিকে তিনি লেখেন, ‘সবার আগে বাংলাদেশ।’এর আগে ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করার অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে বাঁধন নিজেই ফেসবুক লাইভে এসে এ ঘটনার কথা জানান। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সূত্র: বিডি লাইভ ২৪
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত