প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে যুক্ত করার প্রস্তাব রাশিয়ার
ডেক্স রিপোর্ট। ||
পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে রাশিয়া। সোমবার (৭ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনস (এমজিআইএমও)-এর শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে ল্যাভরভ বলেন, পারস্য উপসাগরীয় নিরাপত্তা ব্যবস্থায় ইরানের অংশগ্রহণ আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ ও বাস্তবধর্মী পদক্ষেপ হতে পারে।ল্যাভরভ জানান, প্রায় দুই দশক আগে রাশিয়া আরব রাজতন্ত্রগুলোর পাশাপাশি ইরানসহ উপসাগরীয় দেশগুলোর জন্য একটি সমন্বিত নিরাপত্তা কাঠামোর ধারণা দিয়েছিল। আরব লীগ, ওআইসি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যকে একই প্রক্রিয়ার আওতায় এনে এই জটিল সম্পর্কের সমাধান সম্ভব বলে মনে করে মস্কো।তিনি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর পরিস্থিতিতে পরিবর্তন আসে। এর আগে অবশ্য কয়েক বছর পূর্বে চীন ও রাশিয়ার সক্রিয় মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছিল।সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রস্তাবিত ‘মক্কা চুক্তি’র প্রসঙ্গ উল্লেখ করে ল্যাভরভ বলেন, এটি একটি যৌথ নিরাপত্তা ও প্রতিরক্ষা জোট গঠনের রূপরেখা। মিশর বা আলজেরিয়ার মতো দেশগুলোর পাশাপাশি ইরানকেও যদি এই উদ্যোগের আওতায় আনার শর্ত তৈরি করা যায়, তাহলে সেটিই রাশিয়ার প্রস্তাবিত মূল ধারণার সবচেয়ে কার্যকর বাস্তবায়ন হবে।তবে পুরো প্রক্রিয়ায় রাশিয়া কোনো নেতৃত্বের ভূমিকা দাবি করবে না বলেও স্পষ্ট করেছেন ল্যাভরভ।
সূত্র: আনাদোলু এজেন্সি
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত