প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
কোটা ইস্যুতে হাসিনা দিল্লিতে, ভাইবা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে: নাহিদ ইসলাম
স্টাফ রিপোর্টার। ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘কোটা ইস্যু নিয়ে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন। আর ভাইবা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, সেটি আপনারা নিজেরাও বুঝতে পারবেন না।’বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কীর্তনখোলা অডিটরিয়ামে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ৮০-এর দশককে ঘিরে একটি ট্রেন্ড শুরু হয়েছে। তাঁর মতে, বর্তমান সরকারও যেন ৮০-এর দশকের দিকে ফিরে যাওয়ার পথে রয়েছে। কারণ সরকার গ্যাস-বিদ্যুৎ বাদ দিয়ে দিচ্ছে। এভাবে সরকার ট্রেন্ডের সঙ্গে থাকার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, সরকার ইতিবাচকভাবে এই ট্রেন্ডের সঙ্গে থাকুক—এটাই তারা চান। পুরো বিশ্ব যখন সামনে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশ যেন কোনোভাবেই পিছিয়ে না পড়ে, সেটিই সবার প্রত্যাশা।সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, সরকারি চাকরির ভাইবা পরীক্ষায় নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তিনি উল্লেখ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে বলেছিলেন, ভাইবার নম্বর দলীয় নিয়োগের সুযোগ তৈরি করে। সাধারণ চাকরির পরীক্ষায় ভাইবার নম্বর ২০০ এবং বিসিএসে ৫০ করা উচিত বলেও তিনি উল্লেখ করেন। কিন্তু সরকারে এসে তারা এখন এর বিপরীত পথে যাচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম।তিনি বলেন, ‘এ ধরনের কাজ ভুলেও করতে যাবেন না। কোটা ইস্যু নিয়ে শেখ হাসিনা দিল্লিতে আছে, আর ভাইবা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, তা আপনারা নিজেরাও টের পাবেন না।’রাজনৈতিক কারণে এ ধরনের হঠাৎ সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, যদি সরকারের কাছে এ সিদ্ধান্তের যথাযথ যুক্তি থাকে, তাহলে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সংস্কার করা উচিত। তিনিও যৌক্তিক সংস্কারের পক্ষে বলে জানান।জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই অভ্যুত্থানের পর দুই বছর পেরিয়ে গেছে। এ সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার শেষ হয়ে বর্তমানে নির্বাচিত সরকার দায়িত্বে রয়েছে। নির্বাচিত সরকারের অনেক প্রতিশ্রুতি রয়েছে। সেই প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়ন করতে পেরেছে, তা জনগণকেই বিচার করতে হবে বলে মন্তব্য করেন তিনি।আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু এবং বরিশাল জেলা সমন্বয়কারী আবু সাঈদ মুসা।ববি শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মোহাম্মদ বেলালের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব এস এম ওয়াহেদুর রহমান।সভা শেষে ‘৩৬ জুলাই’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নাহিদ ইসলাম।
সূত্র: ইত্তেফাক
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত