প্রিন্ট এর তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
এমপি নয়নের প্রথম মনপুরা সফর ঘিরে প্রস্তুত বিএনপি, স্থানীদের প্রত্যাশা বিদ্যুৎ-সড়ক
মোঃ মামুন, উপজেলা প্রতিনিধি মনপুরা ||
সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ভোলার মনপুরায় আসছেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন। আগামীকাল সকাল ১০টায় তাঁর মনপুরায় পৌঁছানোর কথা রয়েছে।এমপি নুরুল ইসলাম নয়নের আগমনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে মনপুরা উপজেলা বিএনপি। তাঁকে স্বাগত জানাতে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এমপির আগমনকে ঘিরে বিভিন্ন প্রস্তুতি নিয়েছেন।এদিকে দীর্ঘদিনের নানা সমস্যা ও প্রত্যাশা নিয়ে এমপি নুরুল ইসলাম নয়নের দিকে তাকিয়ে রয়েছেন মনপুরাবাসী। স্থানীয়দের অন্যতম প্রধান দাবি জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ। উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধার জন্য জাতীয় গ্রিডের সঙ্গে মনপুরাকে যুক্ত করার দাবি দীর্ঘদিনের।এছাড়া উপজেলার যোগাযোগব্যবস্থার উন্নয়নে রামনেওয়াজ থেকে মাঝেরঘাটি পর্যন্ত তিন লেনের সড়ক নির্মাণের দাবিও রয়েছে স্থানীয়দের। গুরুত্বপূর্ণ এ সড়কটি উন্নত করা হলে মনপুরার অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থার পাশাপাশি মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন আরও সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা।অন্যদিকে এমপির কাছে দলীয়ভাবেও রয়েছে গুরুত্বপূর্ণ প্রত্যাশা। মনপুরা উপজেলা বিএনপির কমিটি গঠন দীর্ঘদিন ধরে ঝুলে আছে। উপজেলা বিএনপির নেতাকর্মীরা আশা করছেন, এমপি নুরুল ইসলাম নয়নের উদ্যোগ ও দিকনির্দেশনায় দ্রুত উপজেলা বিএনপির কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে যাবে।নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা, নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো মনপুরায় এসে এমপি নুরুল ইসলাম নয়ন স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করবেন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা ও উন্নয়ন-চাহিদাগুলো গুরুত্ব দিয়ে দেখবেন।
এমপির এই সফরকে ঘিরে তাই একদিকে যেমন দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে, অন্যদিকে স্থানীয়দের মধ্যেও দেখা দিয়েছে নতুন প্রত্যাশা।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত