প্রিন্ট এর তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
মিরাজের ঘূর্ণিতে ত্রিনবাগোকে হারিয়ে ম্যাচসেরা
স্টাফ রিপোর্টার। ||
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকের পর থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন মেহেদি হাসান মিরাজ। প্রথম ম্যাচে ১৩ রানে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও বল হাতে নিজের নৈপুণ্য দেখিয়েছেন তিনি। মিরাজের ৪ উইকেটের ঘূর্ণিতে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১২৬ রানে আটকে দিয়ে ৮ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন মিরাজ।প্রভিডেন্সে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করেছিল ত্রিনবাগো। ৪.৩ ওভারে দলটি সংগ্রহ করে ৪১ রান। এরপরই আক্রমণে আসেন মিরাজ। ১৬ বলে ২৬ রান করা কলিন মুনরোকে বোল্ড করে উইকেট শিকারের সূচনা করেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এরপর প্রথম বলেই নিকোলাস পুরানকে বোল্ড করেন তিনি। পরে জিড গুলি ও সুনীল নারিনকেও আউট করে ত্রিনবাগোর মিডল ও লোয়ার অর্ডারে ধস নামান মিরাজ।শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে ত্রিনবাগো। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন জাস্টিন গ্রিভস। মিরাজ ৪ ওভার বল করে মাত্র ২৩ রান খরচায় নেন ৪ উইকেট। শামার জোসেফ পান ২ উইকেট। এর আগে ৪৭ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে রেকর্ড গড়া ইমরান তাহির এবারও একটি উইকেট শিকার করেন।জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৬ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে গায়ানা। তবে শিমরন হেটমায়ারের ৩৫ বলে ৪২ রান এবং শাই হোপের ১৯ বলে ২৮ রানের কার্যকর ইনিংসে ঘুরে দাঁড়ায় স্বাগতিক দল। শেষদিকে মিরাজ ব্যাট হাতে ১৪ বলে ২ রান করলেও দলের জয়ে সেটি কোনো প্রভাব ফেলেনি। ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা।টানা দুই জয়ে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে গায়ানা। এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স।
সূত্র: আমার দেশ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত