প্রিন্ট এর তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
তদন্ত হলে সাবেক ছাত্র উপদেষ্টাদের প্রত্যেকের বিরুদ্ধে শতকোটি টাকার দুর্নীতির প্রমাণ মিলবে: নুর
স্টাফ রিপোর্টার। ||
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে নিরপেক্ষভাবে তদন্ত পরিচালনা করা হলে প্রত্যেকের বিরুদ্ধেই অন্তত শতকোটি টাকার দুর্নীতির তথ্য-প্রমাণ পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে গণঅধিকার পরিষদ, মহানগর দক্ষিণ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।নুরুল হক নুর বলেন, জুলাই অভ্যুত্থানের পর জাতীয় ঐক্য অটুট রেখে রাষ্ট্র পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার কথা থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ও ছাত্র উপদেষ্টাদের ব্যর্থতার কারণে সেটি বাস্তবায়িত হয়নি। সাধারণ মানুষের অভূতপূর্ব সমর্থনও ধরে রাখা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি।তিনি বলেন, গণমাধ্যমের সামনে আসা এসব ছাত্র উপদেষ্টা ক্ষমতার ব্যাপক অপব্যবহার করেছেন। একই সঙ্গে রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন। তার অভিযোগ, বিপ্লবের আড়ালে তারা বিভিন্ন সুবিধাবাদী গোষ্ঠীর সঙ্গে সমঝোতা করে ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন।নুরুল হক নুরের মতে, এসব কর্মকাণ্ডের কারণে তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। একই সঙ্গে অভ্যুত্থান-পরবর্তী রাজনীতিও সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে।নিজের নাম ব্যবহার করে কেউ অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ পাবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী নুর বলেন, বর্তমান বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস ইতোমধ্যে পূর্ণ হয়েছে। এই সময়ে সুনির্দিষ্টভাবে তার বিরুদ্ধে কোনো দুর্নীতি বা অনিয়মের অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না।তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, যেদিন কেউ তার বিরুদ্ধে কোনো দুর্নীতি বা অনিয়মের অভিযোগ প্রমাণ করতে পারবেন, সেদিনই তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।কর্মীসভায় নুরুল হক নুর আরও জানান, আগামী দিনে বিদেশের শ্রমবাজার সম্প্রসারণের মাধ্যমে প্রায় ১ কোটি নতুন কর্মসংস্থান তৈরির পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে।
সূত্র ইত্তেফাক
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত