প্রিন্ট এর তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদির তিন শহরে হুথিদের হামলা, আহত ১৩
ডেক্স রিপোর্ট। ||
সৌদি আরবের তায়েফ, খামিস মুশাইত ও আবহা শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী। সোমবারের এসব হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।সৌদি নেতৃত্বাধীন জোট মঙ্গলবার ভোরে হামলার বিষয়টি জানায়। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, তিনটি শহরকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে। আহতদের কারও অবস্থা গুরুতর নয়। তবে কয়েকজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন।আল-মালিকি জানান, হামলায় সাতটি বাড়ি এবং দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর অভিযোগ, হুথিরা ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করছে।তিনি বলেন, আত্মরক্ষার অধিকার অনুযায়ী ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিহত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে জোট।তবে এ বিষয়ে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ভিন্ন বক্তব্য দিয়েছেন। সোমবার তিনি দাবি করেন, এর আগের ২৪ ঘণ্টায় ইয়েমেনের পাঁচটি প্রদেশে সৌদি যুদ্ধবিমান ৫৪টি হামলা চালিয়েছে। এসব অভিযানে এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান ব্যবহারের কথাও জানান তিনি। সৌদির এসব হামলার ‘জবাব দেওয়া হবে’ বলেও সতর্ক করেন সারি।এর আগে সোমবার খামিস মুশাইতে অবস্থিত কিং খালিদ বিমানঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছিল হুথিরা। একই সঙ্গে সৌদি আরবের বিরুদ্ধে তাদের অভিযান আরও বিস্তৃত করার হুমকিও দেয় গোষ্ঠীটি।বছরের পর বছর তুলনামূলক শান্ত পরিস্থিতি থাকার পর গত জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত আবারও বেড়েছে।২০১৪ সালে হুথিরা রাজধানী সানা এবং দেশের কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইয়েমেনে যুদ্ধ শুরু হয়। পরের বছর, অর্থাৎ ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে। এরপর সংঘাত আরও তীব্র হয়ে ওঠে।
সূত্র: আনাদোলু, আল-জাজিরা
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত