প্রিন্ট এর তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাশ্মীরে ১০০ দিনের বেশি সময় ধরে বন্ধ ইন্টারনেট
ডেক্স রিপোর্ট। ||
পাকিস্তান-শাসিত কাশ্মীরে মোবাইল ডেটা ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা টানা ১০০ দিনেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত জুনে নির্বাচনী সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই অঞ্চলটিতে এই বিধিনিষেধ কার্যকর রয়েছে।অস্থির পরিস্থিতির মধ্যেই তিন ধাপে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ধাপের ভোটগ্রহণ শেষ হয় ১০ আগস্ট। পরে নতুন সরকার গঠিত হলেও ইন্টারনেট বন্ধের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এর প্রভাব এখনো অব্যাহত রয়েছে।ইন্টারনেট পরিষেবা না থাকায় অনলাইন ব্যাংকিংয়ের অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করা যাচ্ছে না। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি শিক্ষাবর্ষের কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রবেশিকা পরীক্ষাগুলো স্থগিত করতে বাধ্য হয়েছে প্রশাসন।ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, গত ৫ জুন থেকে অঞ্চলটিতে আংশিক ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর রয়েছে।ভারত ও পাকিস্তান উভয় দেশই পুরো কাশ্মীরের ওপর সার্বভৌমত্বের দাবি করে। তবে পাকিস্তান-নিয়ন্ত্রিত অংশে একটি আধা-স্বায়ত্তশাসিত শাসনব্যবস্থা রয়েছে। এ ব্যবস্থায় ৪৫ আসনের আইনসভায় ভারতে বসবাসকারী কাশ্মীরি শরণার্থীদের জন্য ১২টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।এসব আসন বাতিলের দাবিতে ‘জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’ (জেকেজেএএসি) আন্দোলনে নামলে ৫ জুন সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর সংঘাত ও সহিংসতায় সাতজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে বিক্ষোভে উত্তপ্ত কয়েকটি এলাকায় ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে বাকি আসনগুলোর ফলাফলের ভিত্তিতে নতুন আঞ্চলিক সরকার গঠন করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত