প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবকে গোয়েন্দা ও কৌশলগত সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ডেক্স রিপোর্ট। ||
ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বাহিনীর ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে সৌদি সামরিক বাহিনীকে গোয়েন্দা তথ্য বিনিময় ও সামরিক পরিকল্পনায় সহায়তা দিতে একটি মার্কিন সামরিক টাস্কফোর্স কাজ করছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।ওই মার্কিন কর্মকর্তা জানান, আঞ্চলিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সৌদি অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি শক্তিশালী নিরাপত্তা অংশীদারিত্ব বজায় রেখেছে। এর অংশ হিসেবে গোয়েন্দা সহযোগিতা এবং কৌশলগত পরিকল্পনা জোরদার করতে বিশেষ এই টাস্কফোর্স গঠন করা হয়েছে।গত জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধ ফের শুরু হওয়ার পর হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে। একই সঙ্গে লোহিত সাগরে সৌদি জাহাজে হামলার মাত্রাও বাড়িয়ে দেয় তারা।গত সপ্তাহে হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূল এবং বাব আল-মানদেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে। হরমুজ প্রণালি অবরুদ্ধ হওয়ার পর এই পথকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকল্প সমুদ্রপথ হিসেবে বিবেচনা করা হচ্ছে।বিশ্বের অন্যতম শীর্ষ অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতেও হামলা চালিয়েছে হুথিরা। এর পাল্টা জবাবে সৌদি আরব ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুথি গোষ্ঠী।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানান, হুথিরা যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে।২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর ২০১৫ সালে দেশটির সরকারের পক্ষে সামরিক জোট নিয়ে ইয়েমেনে হস্তক্ষেপ করে সৌদি আরব। দীর্ঘদিন ধরে ইরান হুথিদের অস্ত্র ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসার অভিযোগ থাকলেও সাম্প্রতিক এই যুদ্ধে কোনো ধরনের ভূমিকা থাকার কথা অস্বীকার করেছে তেহরান।
সূত্র: গালফ নিউজ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত