প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
সৌদির এফ-১৫ ভূপাতিতের দাবি, ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের
ডেক্স রিপোর্ট। ||
ইয়েমেনের মারিব প্রদেশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। এ ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি ভিডিও ফুটেজ বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশ করেছে গোষ্ঠীটি।ভিডিওতে প্রথমে আকাশে উড়ন্ত যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলার দৃশ্য এবং পরে সেটি ভূপাতিত হওয়ার পর মাটিতে পড়ে থাকা জ্বলন্ত ধ্বংসাবশেষ দেখা যায়।প্রকাশিত ফুটেজে দেখা যায়, আকাশে থাকা একটি সামরিক বিমানকে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হচ্ছে। ভিডিওর পরবর্তী দৃশ্যে একটি পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষে আগুন জ্বলতে দেখা যায়। সেখানে হুথি যোদ্ধাদের উপস্থিতির পাশাপাশি যুদ্ধবিমানটির লেজের অংশে সৌদি আরবের জাতীয় পতাকাও দেখা যায়।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে স্থানীয় সূত্র জানিয়েছে, মারিবের উত্তর-পশ্চিমাঞ্চলে হেলান পাহাড়ের কাছাকাছি এলাকায় যুদ্ধবিমানটিতে আঘাত করা হয়।এ বিষয়ে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতিতে বলেন, তাদের জনগণ ও দেশের বিরুদ্ধে চালানো আগ্রাসনের জবাব হিসেবে সশস্ত্র বাহিনী সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তার দাবি, মারিবের আকাশসীমায় শত্রুতামূলক অভিযান চালানোর পাশাপাশি বিমানটি সৌদি সেনাদের সমাবেশে সহায়তা করছিল।তিনি আরও দাবি করেন, ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য (সারফেস টু এয়ার) প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুদ্ধবিমানটি ধ্বংস করা হয়েছে।যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বিবৃতি পাওয়া যায়নি।উল্লেখ্য, আনসারুল্লাহ নামে পরিচিত এবং প্রধানত জায়েদি শিয়া মতাবলম্বী হুথি বিদ্রোহীরা দীর্ঘদিনের সংঘাতের মধ্য দিয়ে বর্তমানে ইয়েমেনের একটি বড় অংশের নিয়ন্ত্রণ পরিচালনা করছে।
সূত্র: ইত্তেফাক/এনএন
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত