প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
মমতাকে জনসভা করার অনুমতি কলকাতা হাইকোর্টের
ডেক্স রিপোর্ট। ||
শ্রীরামপুরের কোর্ট ময়দানে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ২৬ সেপ্টেম্বর সেখানে কর্মসূচি আয়োজনের অনুমতি পেয়েছে কালীঘাট তৃণমূল। তবে সভার ক্ষেত্রে একাধিক শর্তও দিয়েছে আদালত।বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সভা করা যাবে। এতে সর্বোচ্চ এক হাজার মানুষ অংশ নিতে পারবেন। পাশাপাশি জিটি রোডে কোনো ধরনের মিছিল করা যাবে না। একই সঙ্গে ওই সড়কে যান চলাচল যাতে ব্যাহত না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।কালীঘাট তৃণমূল ২ হাজার মানুষের উপস্থিতিতে সভা করার অনুমতি চেয়েছিল। তবে এতে আপত্তি জানায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্যের পক্ষ থেকে বলা হয়, শ্রীরামপুর কোর্ট ময়দান চত্বরটি খুবই সংকীর্ণ। সাবেক মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় জেড প্লাস নিরাপত্তা পান। তাই নিরাপত্তার কারণে কিছু জায়গা ফাঁকা রাখতে হয়। ওই অংশ বাদ দিয়ে বাকি জায়গায় ২ হাজার মানুষ জড়ো হলে পদপিষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।তবে তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের এই যুক্তির বিরোধিতা করেন। তাঁর বক্তব্য, ওই যুক্তি সঠিক নয়। সেখানে শিল্পী শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানে ৫০ হাজার মানুষের সমাগম হয়েছিল।সূত্র: আনন্দবাজার অনলাইন
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত