প্রিন্ট এর তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
তারেক রহমান নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন’—নাহিদ ইসলাম
স্টাফ রিপোর্টার। ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি সরকার বিরোধী মত দমন, মানবাধিকার লঙ্ঘনমূলক আইন প্রণয়ন এবং নাগরিকদের মৌলিক অধিকার হরণের পথে এগোচ্ছে। তাঁর দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হয়েছেন এবং তাঁর হাতে দেশের গণতন্ত্র ও মানবাধিকার নিরাপদ নয়।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে এনসিপি আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। বিএনপি সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস, বিরোধী মত দমন ও নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, সাত মাস পর দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলগুলোকে রাজনৈতিকভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তিনি সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, সাহস থাকলে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ের দুর্নীতি ও অভিযোগগুলো তদন্ত করা হোক।মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা সরকার এমন কিছু আইন ও প্রতিষ্ঠান তৈরি করছে, যেগুলো নাগরিক অধিকার হরণের সুযোগ তৈরি করছে। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, মানবাধিকার কমিশন আইন এবং সাইবার সুরক্ষা আইনের বিভিন্ন প্রস্তাবিত বিধান নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত একই ধরনের বাহিনীর মাধ্যমে করার ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, এতে স্বাধীন তদন্ত নিয়ে প্রশ্ন তৈরি হয়। মিরাজ শেখের নিখোঁজ হওয়ার ঘটনা এবং সাবেক এনসিপি নেতা গাজী সালাহউদ্দিন তানভীর ও গাজীপুরের সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলা প্রসঙ্গেও তিনি বক্তব্য দেন। তারেক রহমান বা সরকারপ্রধানের সমালোচনা কিংবা তাঁকে নিয়ে মিম তৈরি করাকে সন্ত্রাস হিসেবে দেখার বিরোধিতা করেন তিনি।আসন্ন জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সেখানে দেশের প্রতিনিধিত্ব করার সময় দলীয় পরিচয়ের পরিবর্তে জাতীয় ঐক্য তুলে ধরা উচিত। তাঁর অভিযোগ, বিএনপি ১৬ বছর আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরলেও ক্ষমতায় এসে একই ধরনের কর্মকাণ্ড করছে।সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, তেল, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ এবং সুশাসন নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। তাঁর অভিযোগ, এখন মানবাধিকারও হরণ করা হচ্ছে এবং গণভোটের গণরায় বাস্তবায়ন করা হয়নি। পুলিশ সংস্কার কমিশন না করে পুলিশকে বিরোধীদল দমনের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং নির্বাচন কমিশনকে দুর্বল করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।মানববন্ধনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সূত্র: হুদহুদ নিউজ; সমসাময়িক প্রতিবেদন: প্রথম আলো, জাগো নিউজ।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত