প্রিন্ট এর তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইউক্রেনে ৫ হাজার ৩০০ বর্গকিলোমিটারের বেশি এলাকা দখলের দাবি রাশিয়ার
ডেক্স রিপোর্ট। ||
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ৫ হাজার ৩০০ বর্গকিলোমিটারের বেশি ভূখণ্ড এবং ২২০টিরও বেশি লোকালয় নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। শনিবার (১৯ সেপ্টেম্বর) টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শুধু সেপ্টেম্বর মাসেই রুশ বাহিনী ৬৭০ বর্গকিলোমিটারের বেশি এলাকা ও ২৭টি লোকালয় নিয়ন্ত্রণে নিয়েছে। সুমি ও খারকিভ অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বলয় তৈরির লক্ষ্যে সামরিক অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে মস্কো।বিবৃতিতে আরও বলা হয়, গত ৫ সেপ্টেম্বর থেকে উত্তর-পূর্ব খারকিভে ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন এলাকা ১৫২ বর্গকিলোমিটার কমেছে এবং ৯টি লোকালয় দখলে নেওয়া হয়েছে। ওই এলাকায় ইউক্রেনীয় বাহিনীর প্রায় ৭০০ সদস্য হতাহত হয়েছে বলেও দাবি করেছে রাশিয়া।এ ছাড়া ঝাপোরিজিয়া অঞ্চলে বিস্তৃত ফ্রন্টজুড়ে রুশ বাহিনী অগ্রসর হচ্ছে এবং ওরিখিভের কেন্দ্র এলাকায় লড়াই অব্যাহত রয়েছে বলে জানানো হয়।মস্কোর দাবি, ক্রামাতোরস্ক-স্লোভিয়ানস্ক অঞ্চলের প্রবেশমুখে সবচেয়ে তীব্র লড়াই চলছে। সেখানে স্লোভিয়ানস্ক, ক্রামাতোরস্ক ও দ্রুঝকিভকার কাছে ইউক্রেনীয় প্রতিরক্ষা অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। একই সঙ্গে দোব্রোপিলিয়ার কেন্দ্রস্থলে সড়ক যুদ্ধ চলছে।পাশাপাশি ওস্কিল, ক্রিমকি ও স্তুদেনক নিয়ন্ত্রণে নেওয়ার অভিযান এবং ক্রাসনি লিমান ও সভিয়াতোহিরস্ক এলাকায় তল্লাশি অভিযান পরিচালনার কথাও জানিয়েছে মস্কো।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, পশ্চিমা গণমাধ্যম ও সামরিক বিশেষজ্ঞদের সহায়তায় কিয়েভ রণক্ষেত্রের সাধারণ পদক্ষেপগুলোকে বড় সাফল্য হিসেবে তুলে ধরতে ‘আগ্রাসী তথ্য প্রচার কার্যক্রম’ চালাচ্ছে।তবে কিয়েভ এখনো রাশিয়ার সাম্প্রতিক এসব দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। চলমান যুদ্ধের কারণে দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত