প্রিন্ট এর তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
এক দশক পর যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন ট্রাম্প
ডেক্স রিপোর্ট। ||
এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি। মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, উচ্চপর্যায়ের এই সফরে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার, প্রযুক্তি সহযোগিতা এবং পারস্পরিক শুল্ক কমানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।হোয়াইট হাউস জানিয়েছে, আগামী বুধবার ওয়াশিংটনের বাইরে জয়েন্ট বেস অ্যান্ড্রিউস বিমান ঘাঁটিতে শি জিনপিংয়ের বিমান অবতরণ করবে। প্রচলিত রীতি ভেঙে সেখানে তাকে স্বাগত জানাতে নিজেই উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের হোয়াইট হাউসে স্বাগত জানানোর রীতি থাকলেও শি জিনপিংয়ের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটাচ্ছেন ট্রাম্প। সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে পরদিন বৃহস্পতিবার সকালে।বৃহস্পতিবার হোয়াইট হাউসের ‘স্টেট ফ্লোরে’ চীনা প্রেসিডেন্ট ও তার স্ত্রী পেং লিউয়েনকে স্বাগত জানাবেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এরপর রোজ গার্ডেনে সামরিক গার্ড অব অনার পরিদর্শন শেষে দুই রাষ্ট্রপ্রধান রুদ্ধদ্বার বৈঠকে বসবেন। দুই নেতা যখন দ্বিপাক্ষিক আলোচনায় থাকবেন, তখন দুই দেশের ফার্স্ট লেডি পৃথক কর্মসূচিতে অংশ নেবেন।সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের ‘ইস্ট রুমে’ চীনা প্রতিনিধিদলের সম্মানে বিশেষ রাষ্ট্রীয় নৈশভোজ অনুষ্ঠিত হবে। এতে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি ও ব্যবসায়ী ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন আমাজনের জেফ বেজোস, টেসলার ইলোন মাস্ক, গুগলের সুন্দর পিচাই, অ্যাপলের সদ্য সাবেক প্রধান নির্বাহী টিম কুক, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান, এনভিডিয়ার জেনসেন হুয়াং, সিটিগ্রুপের জেন ফ্রেজার এবং ডেল টেকনোলজিসের মাইকেল ডেল। হোয়াইট হাউসের নির্মাণাধীন নতুন বলরুমের কাজ শেষ না হওয়ায় অতিথির সংখ্যা সীমিত রাখা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।শুক্রবার সফরের শেষ দিনে শি জিনপিং ও পেং লিউয়েন হোয়াইট হাউসে ট্রাম্প দম্পতির সঙ্গে ব্যক্তিগত চা-চক্রে অংশ নেবেন। পরে যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে তাদের নিয়ে ‘ন্যাশনাল আর্কাইভস’ পরিদর্শনে যাওয়া হবে। সেখানে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ও প্রতিষ্ঠাকালীন দলিল সংরক্ষিত রয়েছে। এই পরিদর্শন শেষে চীনা প্রেসিডেন্ট ওয়াশিংটন থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন।রাষ্ট্রীয় সফরের পাশাপাশি দুই দেশের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারাও গুরুত্বপূর্ণ আলোচনায় বসছেন। নিউইয়র্কে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট চীনের ভাইস প্রিমিয়ার হি লিফেংয়ের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং যুদ্ধবিমান ও স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত ‘রেয়ার আর্থ’ বা বিরল মৃত্তিকা ধাতুর সরবরাহ নিয়ে আলোচনা হবে।এ ছাড়া অ-কৌশলগত কিছু পণ্যের ওপর পারস্পরিক শুল্ক কমানোর বিষয়েও দুই পক্ষ একমত হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। তবে বিরল মৃত্তিকা ধাতুর অবাধ সরবরাহ নিশ্চিত করতে ওয়াশিংটন রপ্তানি নিয়ন্ত্রণ শিথিল করবে—এমন সম্ভাবনা কম। বৈঠকে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারও অংশ নেবেন।এর আগে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে এবং গত মে মাসে চীন সফর করেছিলেন। ওই সফরে বেইজিংয়ের পক্ষ থেকে তাকে উষ্ণ লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। অন্যদিকে, গত এক দশকের মধ্যে চীনের কোনো শীর্ষ নেতার এটিই প্রথম রাষ্ট্রীয় সফর। এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে তৎকালীন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে সর্বশেষ যুক্তরাষ্ট্র সফর করেছিলেন শি জিনপিং।
সূত্র: ইত্তেফাক/এনএন
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত