প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত
ডেক্স রিপোর্ট। ||
ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব শহরের উপকণ্ঠে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ে অন্তত ৮০ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। সেনাবাহিনীর সামরিক গণমাধ্যম বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আল-হাতেমি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হারেব, মালা ও উম রাইশ এলাকায় হুথিদের হামলা প্রতিহত করা হয়েছে। এ সময় তাদের নয়টি সামরিক যানও ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়।সরকারি বাহিনী বিমান ও ড্রোন ব্যবহার করে হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। এতে হুথিরা পিছু হটলেও হতাহতের সংখ্যা নিয়ে তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। এর আগে হুথি নিয়ন্ত্রিত এলাকায় অন্তত ৫০ জন যোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়েছে।মারিব শহরে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত ইয়েমেনি বসবাস করেন। শহরটির কাছাকাছি রয়েছে দেশটির গুরুত্বপূর্ণ তেল ও গ্যাসক্ষেত্র এবং বিদ্যুৎকেন্দ্র। ২০২২ সালে জাতিসংঘের সমর্থনে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মারিব দখলে হুথিদের বড় ধরনের অভিযান বন্ধ ছিল। তবে সাম্প্রতিক সময়ে এলাকাটিতে আবারও সংঘর্ষ বেড়েছে।এদিকে তায়েজ ও লাহজ প্রদেশেও সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। লাহজের কাহবুব পাহাড় এলাকায় হুথিদের একটি হামলা প্রতিহত করার পাশাপাশি একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সরকারি বাহিনী।কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে কাহবুব পাহাড় এলাকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
সূত্র: আরব নিউজ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত