প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ৬ সেনাসদস্যসহ নিহত ১৪
ডেক্স রিপোর্ট। ||
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে ছয় সেনাসদস্যসহ মোট ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আট সন্ত্রাসীও নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রোববার হাঙ্গু জেলায় দুই পক্ষের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।আইএসপিআর জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর একটি বহর ও সন্ত্রাসীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এ সময় নিজ নিজ দলের নেতৃত্ব দেওয়ার সময় ২৩ বছর বয়সী ক্যাপ্টেন আবুজার ফারুক এবং ২২ বছর বয়সী লেফটেন্যান্ট শেরাজ বাবর নিহত হন। তাদের সঙ্গে আরও চার সেনাসদস্য প্রাণ হারান।আইএসপিআরের প্রকাশিত ছবিতে দেখা গেছে, নিহত অপর চারজনের মধ্যে তিনজন সিপাহি এবং একজন বেসামরিক সহায়ক কর্মী ছিলেন।অন্যদিকে আইএসপিআর এক বিবৃতিতে দাবি করেছে, ‘কার্যকর পাল্টা আক্রমণের’ মাধ্যমে ভারত সমর্থিত ‘ফিতনা আল খাওয়ারিজ’-এর আট সদস্য নিহত হয়েছে। পাকিস্তান সরকার নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) বোঝাতে ‘ফিতনা আল খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে থাকে।এ ঘটনায় ওই এলাকায় আরও কোনো সন্ত্রাসী অবস্থান করছে কি না, তা শনাক্ত ও নির্মূল করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
সূত্র: ডন
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত