প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর দিন বিকেল পর্যন্ত আদালতে ছিলেন গাজী নজরুল: আইনজীবী
স্টাফ রিপোর্টার। ||
বাসায় ফিরে মরিয়ম আক্তারের মৃত্যুর বিষয়টি জানতে পারেন বলে দাবিসংসদ ভবনের দক্ষিণ পাশে ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মরদেহ উদ্ধারের দিন রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত একটি মামলার বিষয়ে আদালতে ছিলেন তিনি। পরে বাসায় ফিরে মরিয়মের আত্মহত্যার বিষয়টি জানতে পারেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী মো. মাহবুবুর রহমান।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান গাজী নজরুল ইসলামের আইনজীবী।মাহবুবুর রহমান বলেন, রোববার বিকেল ৪টা পর্যন্ত আদালতে অবস্থানের পর গাজী নজরুল ইসলাম ন্যাম ভবনের বাসায় ফেরেন। সেখানে পৌঁছানোর পর তাঁর সর্বকনিষ্ঠ স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার বিষয়টি জানতে পারেন তিনি।মরিয়ম আক্তারকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে পুলিশ। একই সঙ্গে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়।সোমবার এ মামলার শুনানিতে পুলিশ দুজনের সাত দিনের রিমান্ড চায়। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত গাজী নজরুল ইসলামের চার দিন এবং মাকসুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।আইনজীবী মাহবুবুর রহমান বলেন, ‘আমরা উনার পক্ষে বিজ্ঞ আদালতে বলেছি যে উনি সম্পূর্ণ নির্দোষ। একটি আত্মহত্যার ঘটনা, এটি একটি দুর্ঘটনা। উনাকে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।’তিনি আরও বলেন, মামলার তথ্য যাচাই এবং ঘটনার সত্যতা উদঘাটনের জন্য আদালত গাজী নজরুল ইসলামকে চার দিনের এবং তাঁর প্রথম স্ত্রীকে এক দিনের রিমান্ড দিয়েছেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত