প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সতর্কতা
ওমর ফারুক , ক্যাম্পাস প্রতিনিধি ||
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য, ভিত্তিহীন ও আপত্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব নির্দেশনা লঙ্ঘন করলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়। নোটিশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নানারকম অসত্য ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর অভিযোগ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।নোটিশে বলা হয়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশনা-২০১৯’ অনুসরণ করতে হবে।নির্দেশনা অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন পোস্ট, ছবি, অডিও, ভিডিও, কমেন্ট, লাইক বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। একইসঙ্গে রাজনৈতিক মতাদর্শ বা আলোচনা-সংশ্লিষ্ট কোনো তথ্য বা উপাত্ত প্রচার থেকেও বিরত থাকার কথা বলা হয়েছে।এ ছাড়া জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী তথ্য বা উপাত্ত প্রকাশ, কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন কনটেন্ট প্রকাশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে- এমন পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক ও শেয়ার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।নোটিশে জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোনো সার্ভিস/পেশাকে হেয় প্রতিপন্ন করে এমন পোস্ট, লিঙ্গবৈষম্য বা এ-সংক্রান্ত বিতর্কমূলক তথ্য-উপাত্ত প্রকাশ এবং জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে- এমন কনটেন্ট প্রচার থেকেও বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।এ ছাড়া মহামান্য আদালত ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে যেকোনো ধরনের প্রচার-প্রচারণা ও কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকেও বিরত থাকার কথা বলা হয়েছে।নোটিশে আরও বলা হয়, এসব নির্দেশনা লঙ্ঘন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ধারা ৪৭(৮) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ২(খ) অনুযায়ী ‘অসদাচরণ এবং চাকরি শৃঙ্খলা পরিপন্থী আচরণ’ হিসেবে গণ্য হবে।এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হয়েছে।অন্যথায় উল্লেখিত আইন ও বিধির পাশাপাশি রাষ্ট্রের প্রচলিত অন্যান্য আইন অনুযায়ীও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত