প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানিতে শিল্প মালিকদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
স্টাফ রিপোর্টার। ||
জ্বালানি সংকট মোকাবিলায় শিল্প মালিকদের সৌরবিদ্যুৎ এবং অন্যান্য বিকল্প জ্বালানি ব্যবহারের দিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশের পোশাকশিল্পের চলমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যার সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন তিনি।বুধবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তিনি এসব কথা বলেন।রাষ্ট্রপতি বলেন, দেশের অর্থনীতির ক্রমবর্ধমান ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। অর্থনীতির বিভিন্ন খাতের সঙ্গে সম্পৃক্ত সবাই যাতে সমানভাবে উপকৃত হতে পারেন, সেদিকেও গুরুত্ব দিতে হবে।তিনি বলেন, অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান বাড়ানো এবং ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি করতে সরকার ব্যবসা ও শিল্পবান্ধব নীতি গ্রহণ করেছে। পাশাপাশি বিকাশমান অর্থনীতিতে শিল্প ও বাণিজ্য খাতকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করাও জরুরি।দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য ব্যাংকঋণের সুদের হার কমানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিনিয়োগ ও শিল্পের প্রসারে অর্থায়নের সুযোগ আরও সহজ করা প্রয়োজন।জ্বালানি সংকটের বিষয়ে রাষ্ট্রপতি শিল্প মালিকদের সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান। দেশের অর্থনীতির গতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।বৈদেশিক মুদ্রা অর্জনে নিটওয়্যার শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে উদ্যোক্তা ও রপ্তানিকারকদের প্রতি ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের যেকোনো সমস্যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সমাধান করা উচিত।সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিকেএমইএর প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র: আমার দেশ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত