প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটোয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
স্টাফ রিপোর্টার। ||
রাজধানীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া।শুক্রবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অভিযানে বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাসীরুদ্দীন পাটোয়ারী ওই বক্তব্য কেন দিয়েছেন, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে তিনি মনে করেন।সম্প্রতি রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতার প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটোয়ারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের রাজপথের আন্দোলন নিয়ে তিনি কথা বলেন।ভিডিওতে একপর্যায়ে নাসীরুদ্দীন পাটোয়ারীকে বলতে শোনা যায়, তারা তিনটি দাবি নিয়ে নিয়মিত রাজপথে রয়েছেন এবং সরকার সেগুলো মানছে না। ১১ দলীয় জোটও এসব দাবি জানিয়ে আসছে। তার বক্তব্য অনুযায়ী, দাবিগুলো মেনে নেওয়া হলে ঢাকার রাজপথে ককটেল বিস্ফোরণের ঘটনাও আর ঘটবে না।রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো শুধু কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঘটাচ্ছেন, নাকি এর সঙ্গে অন্য কেউ জড়িত—গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে যুগ্ম কমিশনার মো. তোফায়েল আহমেদ মিয়া আবারও বলেন, নাসীরুদ্দীন পাটোয়ারীকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তিনি কেন এমন বক্তব্য দিয়েছেন, সেটিও জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা দরকার বলে মন্তব্য করেন তিনি।নাসীরুদ্দীন পাটোয়ারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।
সূত্র আমার দেশ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত