প্রিন্ট এর তারিখঃ Jun 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 8, 2026 ইং
কুড়িগ্রামে অনলাইন ক্যাসিনো সম্রাট মোস্তাক গ্রেপ্তার, ল্যাপটপ ও মোবাইল জব্দ
হাসান মাহমুদ জয়, স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুলিশের এক বিশেষ অভিযানে মোস্তাক মিয়া (৩৪) নামের এক কুখ্যাত অনলাইন ক্যাসিনো সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে নগদ ২৯ হাজার টাকা, অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করে পুলিশ।
রবিবার (৭ জুন) মধ্যরাতে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর বারুইটারি গ্রামের কাস্টমস মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত মোস্তাক মিয়া ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, এসআই সাইফুল ইসলাম ও এএসআই আবু সাইদ সুজনের নেতৃত্বে তথ্য প্রযুক্তিতে দক্ষ পুলিশের একটি চৌকস দল এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে। মোস্তাক মিয়া কাস্টমস মোড়ে নিজের বিকাশ ও নগদ এজেন্টের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ১০ থেকে ১১টি অনলাইন জুয়ার ওয়েবসাইট পরিচালনা করে আসছিলেন। এসব জুয়া ওয়েবসাইটের নিবন্ধিত সদস্যরা তার মাধ্যমেই মূলত টাকার অবৈধ লেনদেন (আদান-প্রদান) করতো।
স্থানীয়রা জানান, সাম্প্রতিককালে ভুরুঙ্গামারী উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও ভয়াবহ আকার ধারণ করেছে অনলাইন ক্যাসিনো বা জুয়া। কয়েকজন মাফিয়া জুয়াড়ির প্রলোভনে পড়ে সর্বস্ব হারাচ্ছেন স্থানীয় তরুণ, যুবকসহ প্রান্তিক ও খেটে খাওয়া সাধারণ মানুষ। অনলাইন জুয়ার এই করাল গ্রাসে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। এমন পরিস্থিতিতে পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী মাদক, জুয়া ও চোরাকারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি (কঠোর অবস্থান) ঘোষণা করা হয়েছে। এ সকল অপরাধের সাথে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।"
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইনসাফ টাইমস ২৪