মো: তানজিল সুবহা
নীলফামারী জেলা প্রতিনিধি | ইনসাফ টাইমস ২৪
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া ও কেসিনো কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়, যেখানে বিভিন্ন অনলাইন কেসিনো ও বেটিং অ্যাপের ব্যবহার এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুন ২০২৬ তারিখে নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মতলুবর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—
১. মো. মোরসালিন ইসলাম (২৫), পিতা: মো. বেলাল হোসেন, সাং- কুশকারডাঙ্গা বাগানবাড়ি।
২. মো. রাসেল ইসলাম (২১), পিতা: মো. হামিদুল ইসলাম, সাং- বটতলা, ১৩নং চড়াইখোলা ইউনিয়ন।
৩. মো. মারুফ ইসলাম (২৩), পিতা: মো. আব্দুল মালেক, সাং- বড়ুয়া শেখপাড়া।
৪. মো. রুবেল ইসলাম (২০), পিতা: মো. আজিজুল ইসলাম, সাং- বড়ুয়া শেখপাড়া।
৫. মো. লাজু হোসাইন ওরফে বাবু (৩৩), পিতা: মো. আসাদুজ্জামান, সাং- উত্তর ভেরভেরী।
গ্রেফতারকৃতদের মধ্যে প্রথম দুইজন নীলফামারী সদর উপজেলার এবং বাকি তিনজন কিশোরগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
অভিযান চলাকালে তাদের দেহ তল্লাশি ও ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে বিভিন্ন অনলাইন কেসিনো অ্যাপ, বেটিং অ্যাপ্লিকেশন এবং জুয়া পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যায়। পরে মোবাইল ফোনগুলো আইনানুগভাবে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অনলাইন কেসিনো ও জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নীলফামারী সদর থানায় মামলা নং-৩৩, তারিখ-১৮/০৬/২০২৬, জিআর নং-২৩৪/২০২৬ মূলে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নীলফামারী জেলা পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও প্রযুক্তিনির্ভর অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।