ফরহাদ উদ্দীন মিজবাহ, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে সংঘটিত ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুন গভীর রাতে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ডলনীঘোনা এলাকার একটি বসতবাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে। এ সময় পরিবারের এক নারী ও তার অপ্রাপ্তবয়স্ক কন্যাকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ ওঠে।
ঘটনার খবর পেয়ে কক্সবাজার জেলা পুলিশের নির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে চকরিয়া থানা পুলিশ ও মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন তারেক (২৫), তোফাজ্জল হোসেন ওরফে বাবু (২৩), মেহেদী (২৪), তানজীদ (২৫) এবং কেফায়েত হোসেন (২৫)। তারা সবাই চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, এ ঘটনায় চকরিয়া থানায় ডাকাতি ও নারী-শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, নারী ও শিশু নির্যাতন, ডাকাতি এবং অন্যান্য গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন