কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এক সফল অভিযান পরিচালনা করেছে ঈদগাঁও থানা পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ জন সক্রিয় মাদক কারবারিকে গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি টমটম জব্দ করা হয়েছে।
আজ ১১ জুন (বৃহস্পতিবার) ভোর রাতে ঈদগাঁও থানা পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
১. জিল্লুর রহমান (২৫), পিতা- আনছার উদ্দিন, সাং- মধ্যম পোকখালী (০৩ নং ওয়ার্ড, পোকখালী ইউপি)।
২. মোঃ কাইয়ুম (২৭), পিতা- কবির আহম্মদ, সাং- একই এলাকা। ৩. মোঃ নুরুল হুদা ভুট্টু (২৫), পিতা- মোঃ কালু, সাং- ওয়াহেদের পাড়া (০৮ নং ওয়ার্ড, ইসলামাবাদ ইউপি)। গ্রেফতারকৃত সবার বাড়ি ঈদগাঁও থানা এলাকায়।
ঘটনার বিবরণ ও উদ্ধারকৃত আলামত: পুলিশ সূত্রে জানা যায়, আজ ১১ জুন ভোর রাতে ঈদগাঁও থানার রাত্রিকালীন কিলো-০৯ ডিউটিতে নিয়োজিত এসআই (নিঃ) মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঈদগাঁও বাজার এলাকায় অবস্থান করছিলেন। ভোর অনুমান ০৩:২০ ঘটিকায় একটি ৩ চাকার মিনি টমটম গাড়ি দ্রুত গতিতে পূর্ব লরাবাগের দিকে যেতে দেখে সন্দেহ হলে পুলিশ গাড়িটির পিছু নেয়। পরবর্তীতে ভোর অনুমান ০৩:৩০ ঘটিকায় জালালাবাদ ইউপিস্থ পূর্ব লরাবাগ এরশাদ স্টোরের সামনে পাকা রাস্তার উপর গাড়িটি থামাতে সক্ষম হয় পুলিশ।
পরবর্তীতে স্থানীয় সাধারণ জনগণের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আসামী জিল্লুর রহমানের প্যান্টের পকেট থেকে ৪,০০০ পিস এবং আসামী মোঃ কাইয়ুমের প্যান্টের পকেট থেকে ২,০০০ পিসসহ সর্বমোট ৬,০০০ (ছয় হাজার) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের ওজন প্রায় ৬০০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ১৮,০০,০০০/- (আঠারো লক্ষ) টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পেছনে ও ছাউনিতে 'SANDI' লেখা ১টি মিনি টমটম গাড়ি এবং মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে ভোর ০৩:৫৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে উক্ত মাদক ও টমটম গাড়ি জব্দ করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে এলাকায় মরণঘাতী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ধৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ঈদগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নং- ১২/৭৪, তারিখ- ১১-০৬-২০২৬ খ্রিঃ)।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আসামীদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।