মোঃ আশরাফুল ইসলাম
পঞ্চগড় সদর উপজেলার জালাসি এলাকায় বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহত হয়েছে তিন শিশু শিক্ষার্থী। খেলার একপর্যায়ে ফুটবল পাশের একটি বাড়িতে গিয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে এক নারী তাদের মারধর করেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে স্থানীয় শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো, বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রেজওয়ান খান অপূর্ব ও মিম হোসেন এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাওহীদ হাসান আশিক।
বিদ্যালয় সূত্রে জানা যায়, টিফিন বিরতির সময় অন্যান্য দিনের মতো শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলছিল। একপর্যায়ে বলটি বিদ্যালয়-সংলগ্ন একটি বাড়ির ভেতরে গিয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই বাড়ির মালিক জয়তুন বেগম ক্ষিপ্ত হয়ে কয়েকজন শিশুকে লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা জান্নাতুল পারভীন বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলায় অংশ নেয় এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায়ও ভালো ফলাফল অর্জন করে। ঘটনার পর আহত শিশুরা কান্নাজড়িত অবস্থায় তার কাছে এলে তাদের শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন দেখতে পান। পরে দ্রুত চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়। তিনি এ ধরনের অমানবিক আচরণের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
আহত শিক্ষার্থী তাওহীদের বড় ভাই আবির বলেন, শিশুদের প্রতি এমন কঠোর ও অসহিষ্ণু আচরণ সমাজে উদ্বেগজনক বার্তা দেয়। এতে কোমলমতি শিক্ষার্থীদের মনে ভয় ও বিরূপ প্রভাব সৃষ্টি হতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
এদিকে অভিযুক্ত জয়তুন বেগমের স্বামী হাচান আলি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ফুটবলটি তাদের রান্নাঘরে গিয়ে পড়ায় তার স্ত্রী ক্ষুব্ধ হয়ে রান্নার কাজে ব্যবহৃত একটি লাঠি দিয়ে শিশুদের আঘাত করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একটি ফুটবল, কয়েক মুহূর্তের শিশুসুলভ উচ্ছ্বাস আর তারই জেরে ঘটে যাওয়া এই অনভিপ্রেত ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকেই শিশুদের প্রতি সহনশীল ও মানবিক আচরণের আহ্বান জানিয়েছেন।